মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন টেটাবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের গাজী মার্কেটে এই সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে টেটাবিদ্ধ হয়েছেন ইমরান হোসেন (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০)। আহতদের মধ্যে রিয়াজুল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে ঢাকার মিডফোর্ড হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাতবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেটে পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান মাতবর গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জহিরুদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযুক্ত কালাইচান মাতবর ও জহির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় এই মারামারির সূত্রপাত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে।
এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।
এসআর