ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নাম জানতে চাইলে আটক ব্যক্তি নিজের নাম বেলাল উদ্দিন বলে জানান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকার বাসিন্দা। বাবার নাম দবিরুল বলেও উল্লেখ করেন। তিনি কোনো সাবেক এমপির ছেলে নন বলে জানান।
পেশা সম্পর্কে জানতে চাইলে বেলাল উদ্দিন বলেন, তিনি একটি কলেজের শিক্ষক। পাশাপাশি তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত বলেও দাবি করেন।
তার লাগেজে থাকা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ রয়েছে। নির্দিষ্ট পরিমাণ জানতে চাইলে তিনি জানান, প্রায় ৫০ লাখ টাকা আছে। টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, এটি তার ব্যবসার টাকা।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। আমরা তাকে আটক করেছি। এখনো টাকার সঠিক পরিমাণ গণনা করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
এইচএ