কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ দূরে (পশ্চিম) অবস্থিত ঘাস খেত থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাস খেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান প্রস্রাব করতে যান। সেসময় তিনি মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করে। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসে। তারা দুটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগ থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তুগুলো। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।’
এসআর