চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছেন ১,৭২,০৬১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১,২৭,০২৫ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৫,০৩৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে, হাতপাখা প্রতীকের প্রার্থী শরীফুল আলম চৌধুরী পেয়েছেন ২,৮৭৩ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পাবলিক হলরুমে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, এই আসনে ৬২.৮৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এর আগে শাহজাহান চৌধুরী ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি এই আসন থেকে জয়লাভ করেন। তবে ২০০৮ সালের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে টানা কয়েকটি নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি।
জয়ের প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, “এই আসনে দ্বিতীয়বার জয়ী হয়েছেন এমন কোনো প্রার্থী নেই, অথচ আমি তৃতীয়বারের মতো জয়ী হয়েছি। জনগণ রায় দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এখন আমার লক্ষ্য হবে সংসদে গিয়ে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা। বিজয় এবং দায়িত্ব—এই দুটোর সমন্বয় করে আমি সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এনআই