বরুড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৮ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জাকারিয়া তাহের সুমন।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১,৬৯,১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলাল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৪৫,০৯১ ভোট।
ফলে ১,২৪,০৮৭ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন জাকারিয়া তাহের সুমন। কুমিল্লা জেলার সব আসনের মধ্যে এটিই এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধান বলে জানা গেছে।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৮০,৮৩৩ জন। এর মধ্যে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৫৬ শতাংশ।
বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন, “এই বিজয় আমার একার নয়, বরুড়াবাসীর বিজয়। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে যাঁরা পাশে ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, বরুড়ার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব।”
এনআই