ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৫৩ আসনে প্রার্থী দিয়েছিলো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের ২৫৩ আসনে প্রার্থী থাকলেও জনগনের ভোটে বরগুনা-১ ( বরগুনা সদর-আমতলী-তালতলী) আসন থেকে দলটির একমাত্র প্রার্থী মাহমুদুল হোসাইন অলি উল্লাহ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই তিনি বরগুনার সেতু ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দেন। এবার মন্ত্রীত্ব চাইছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র এমপি অলি উল্লাহর সমর্থকেরা।
শনিবার সকালে (১৪ ফ্রেব্রুয়ারি) দুপুরে বরগুনায় কেওড়াবুনিয়া পীর এমপি অলি দরবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অলিউল্লাহর সমর্থকেরা বলেন, 'ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে না গিয়ে সারাদেশের ২৫৩ আসনে একক প্রার্থী দেয়। যারা সবাই উল্লেখযোগ্য ভোট পায়। আমরা (ইসলামী আন্দোলন) যদি জোটে যেতাম তাহলে বিএনপি সরকার গঠন করতে পারতো না। আমাদের জন্যই বিএনপি সরকার গঠন করেছে। তাই আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেনো আমাদের দলের একমাত্র এমপিকে যেকোনো মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব দেন।'
ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলার নেতা ইদ্রিসুর রহমান বলেন, 'জামায়াতের সাথে যদি আমাদের সমঝোতা থাকতো তাহলে বিএনপি এতগুলো আসন পেতো না। আমার জোট থেকে বের হওয়ার কারনেই বিএনপি সরকার গঠন করতে পারবে।আমাদের কারণেই বিএনপি সারাদেশে ভূমিধস বিজয় পেয়েছে। তাই এখন আমাদের দাবি ইসলামী আন্দোলনের একমাত্র নির্বাচিত প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কে মন্ত্রীত্ব দেয়া হয়।'
ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র নির্বাচিত বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, 'যারা আমাকে ভোট দিয়েছেন বা দেয়নি সবাই এখন আমার জনগন। সব দলের জনগনই আমার। এখন জনগনের কল্যাণে যা যা করনীয় তাই আমি করবো।'
তিনি আরও বলেন, 'বিএনপি যদিও আমাদের (ইসলামী আন্দোলন) প্রতিদ্বন্দ্বী মনে করে। কিন্তু এবছর নির্বাচনে আমাদের দ্বারা তাদের যে উপকারটা হয়েছে তা মূল্যায়ন করা উচিত। কারণ আপনারা দেখেছেন সারাদেশে সামান্য ভোটের ব্যাবধানে জামায়াতের প্রার্থীরা হেরে গেছে। সেসব আসনে আমাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেয়েছে। আমরা যদি সমঝোতায় থাকতাম তাহলে জামায়াত সরকার গঠন করতো। আমি আশা করি বিএনপি এ মূল্যায়ন করা উচিত। যদি তারা সে মূল্যায়ন করে তাহলে ভবিষ্যতে বরগুনার জন্য ভালো হবে। জনগনের জন্য ভালো হবে। তারা যদি অব মূল্যায়ন করে তাহলে আমার মতে ক্ষয়ক্ষতি তাদের (বিএনপি) দিকেই যাবে।'
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলি উল্লাহ মোট ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট পান। এতে মোট ৪ হাজার ১৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলিউল্লাহ।
এসআর