ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর রাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এক সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পের সংস্কার ও উন্নয়ন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা থেকে মুক্ত একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাইরের হস্তক্ষেপ ঠেকাতে কঠোর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এ অভিনেতা।
প্রকৃত মেধাবীদের উৎসাহ দিতে চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছ কমিটি গঠন, অনলাইন স্কোরিং পদ্ধতি চালু এবং পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন শাকিব খান। দেশব্যাপী প্রেক্ষাগৃহ সংকট কাটাতে স্বল্পসুদে ঋণ, করছাড় ও পুনর্গঠন তহবিল গঠনের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের প্রস্তাবও দেন তিনি। নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ও ট্যাক্স ছাড়, জমি লিজে বিশেষ সুবিধা এবং প্রজেকশন ও সাউন্ড যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর কথাও উল্লেখ করেন।
তার মতে, প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, বরং বহুমুখী সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত। সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক আয়োজন হতে পারে। একই সঙ্গে সরকারকে ঝামেলামুক্ত, পেশাদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এইচএ