সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিনের ধারণকৃত ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রেখে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রের ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজ ভবিষ্যতে যেকোনো আইনি প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখতে হবে।
এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ তদন্তের ক্ষেত্রে এসব সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কোনো আসনের ফলাফল নিয়ে বিরোধ বা মামলা হলে এসব ফুটেজ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
এইচএ