কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত ব্যক্তি মো. জাহাঙ্গীর হোসেন, যিনি ‘সম্রাট জাহাঙ্গীর’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা-পুলিশ। তিনি বড়কান্দা ইউনিয়নের সোনাকান্দা গ্রামের হাজী আব্দুস ছামাদের ছেলে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন। তিনি জানান, আদালতের রায়ের পর জাহাঙ্গীর দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। পরে দেশে ফিরে প্রায় তিন মাস আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাননি। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে মামলা–হামলার ভয় দেখানো ও সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা এতদিন প্রকাশ্যে অভিযোগ করেননি। সাম্প্রতিক গ্রেপ্তারের পর ধীরে ধীরে নানা তথ্য সামনে আসছে।
স্থানীয়দের দাবি, একাধিক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে অভিযুক্তের ভয়ে এখনো কেউ প্রকাশ্যে নাম বলতে রাজি নন; তারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলছেন। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও এলাকায় প্রচলিত ছিল। দীর্ঘদিনের দাপটে এলাকায় এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন অনেকে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “৪৫ লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে এবং চাঁদাবাজির মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
ইখা