ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’এর মধ্যেই সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার। গত কয়েক দিন ধরে কলকাতার বেশ কিছু এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। ইতোমধ্যেই শাকিব খানের নতুন লুকের কিছু ছবি দেখা গেল ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে।
ছবিতে শাকিব খানের চরিত্র অনুযায়ী নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গেছে। এলোমেলো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট, যেখানে তাকে ভিন্ন এক অবতারে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। কীভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টার হয়ে ওঠেন সেই গল্পই উঠে আসবে এই সিনেমায়।
গত ৯ ফেব্রুয়ারি থেকে হাওড়ার শালিমারের একটি পরিত্যক্ত কারখানায় সিনেমাটির মারপিট বা অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হয়। সেখানে বাইক নিয়ে শাকিব খানের একটি প্রবেশ দৃশ্যের শুটিং চলাকালীন স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। কলকাতার এই কাজ শেষ করে পুরো ইউনিটের ভারতের হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে তার।
অন্যদিকে শাকিব খানের এই সিনেমাটিতে মেগাস্টারের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু।
সিনেমার চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। শ্রীলঙ্কায় প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর এটি সিনেমার দ্বিতীয় লটের কাজ। এই সিনেমাটি চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এইচএ