সিরাজগঞ্জের কাজীপুরে বসতবাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাহবুবুর রহমান ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে তিনি স্থানীয় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়ির আঙিনায় গাঁজার চাষ করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছটি উদ্ধার করা হয়। গাছটি মাহবুবুর রহমান পরিচর্যার মাধ্যমে বড় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
এসআর