মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪ টন লোহার রড যুবদল নেতার গুদাম থেকে উদ্ধারের ঘটনায় যুবদল নেতা জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর পর এবার বহিস্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক।
বৃহষ্পতিবার (০৫ মার্চ) বিকেলে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদীনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও সংহতি পরিপন্থী নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
এর আগে গত বুধবার রাতে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছিল।
জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার ছনকা বাজারে অবস্থিত জয়নালের ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ’ এর গুদামে অভিযান চালিয়ে লুটের ১৪ টন রড জব্দ করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।
এসআর