কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ।
শুক্রবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এতে অংশ নেয় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী। এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
এদিকে হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গতকাল বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি নাসিম খান, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল প্রধান সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস কে রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মুস্তফা কামালসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য সাংবাদিক খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করার কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে- দেশে দুর্নীতি-অনিয়ম চলবে, জবাবদিহিতা থাকবে না।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এ সময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেইভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এটা ন্যাক্কারজনক। এমন ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি ও গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপরে যে হামলাটি হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের ওপর এভাবে আক্রমণ ও সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও রাষ্ট্রের কাছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তার জায়গাটি তারা নিশ্চিত করবে। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।
সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বলেন, যেই মসজিদের সভাপতি জেলা প্রশাসক সেখানে এমন হামলার ঘটনা মেনে নেয়া যায় না। শুনেছি পাগলা মসজিদের প্রতিদিনের নিলামে সিন্ডিকেট তৈরি করে লাখ লাখ টাকা লুটে নেয়া হচ্ছে সেই অনিয়ম সিন্ডিকেটের সংবাদ পরিবেশ করতে গিয়ে এই হামলা ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ হামলার ঘটনায় জড়িত জীবন এবং মনা নামে দুইজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতার করতে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, পাগলা মসজিদকে সিন্ডিকেটমুক্ত করতে প্রশাসন সব সময় তৎপর রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যারাই অপরাধী হোক, তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
এসআর