মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পাচার রোধে যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের অপচেষ্টা চালাতে পারে। সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে নিবিড়ভাবে তল্লাশি চালানো হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধিসহ বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় আমরা বদ্ধপরিকর এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিবিসহ জেলা ও পুলিশ প্রশাসনকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় সীমান্তে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনআই