পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক বার্তায় তিনি উল্লেখ করেন,পবিত্র রমজান মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়। রমজান আশা ও শান্তির এক মহৎ দর্শনের প্রতীক। কিন্তু মানবজাতির বহু মানুষের জন্য সেই আশা এখনো অনেক দূরের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং তারও বাইরে—সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি, বৈষম্যসহ নানা দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছে।
বিভেদ দূর করতে ও দুঃখ-কষ্টে থাকা মানুষের কাছে সহায়তা ও আশা পৌঁছে দিতে, এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে এই কঠিন ও বিভক্ত সময়ে আসুন, আমরা রমজানের চিরন্তন বার্তাকে স্মরণ করি।
প্রতি বছর আমি সংহতির নিদর্শন হিসেবে একটি মুসলিম সম্প্রদায়ের কাছে যাই এবং তাদের সঙ্গে রোজায় অংশ নিই। রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে ফিরে আসি।
তিনি আরও জানান, এই পবিত্র মাস সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করুক—যাতে মানুষের জন্য আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে পারি।
এইচএ