কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এই গোলাগুলি হয়েছে।
এ ঘটনায় দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এনআই