নোয়াখালীর সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে চরজব্বর ডিগ্রি কলেজের মূল ফটকে তালা দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে কলেজ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরজব্বর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৪৫০ টাকার পরিবর্তে ৩ হাজার ২৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ২ হাজার ৫০০ টাকার স্থলে ৩ হাজার ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এমনকি অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকেও দ্বিগুণ ফি নেওয়ার অভিযোগ তোলেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছর ধরে চলে আসা এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়েই আজ তাঁরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
টানা দুই ঘণ্টা বিক্ষোভের পর দুপুর ১২টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন এবং আন্দোলন স্থগিত করেন।
চরজব্বর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কলেজের সভাপতি ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষার্থীরা।
এনআই