গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সহসভাপতি কামরুজ্জামান মোল্লার ( ৬৫) বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা যায় শ্বাসরোধে হত্যার পর বস্তা বন্ধি করে লাশ রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর সিটির ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা । তিনি সুজনের গাজীপুর জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি তাঁর ঠিকাদারি ব্যবসা করতেন ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে কামরুজ্জামান মোল্লা নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলাসংক্রান্ত কাজে যান।কাজ শেষে আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত দুইটার দিকে পুলিশ পরিবারের সদস্যদের লাশ উদ্ধারের খবর দেয়।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার আগের কোনো এক সময়ে কামরুজ্জামান মোল্লাকে হত্যা করা হয়। দুর্বৃত্তরা ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে লাশ ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই বিষয়ে সুজনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, তিনি কামরুজ্জামান মোল্লা আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল নেতা ছিলেন । কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, আমাদের জানা মতে কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল না, তবে ব্যবসার কোনো টাকাপয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে । ময়নাতদন্ত শেষে পুলিশ বিকেলে লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে, আসামি গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
পিএম