পাবনার ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতিসহ ১৫ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পাবনা–৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মাদ আলী আছগারের হাত ধরে নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন। পরে জামায়াতের পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও শীর্ষ তিন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর থেকেই তাদের জামায়াতে যোগদানের বিষয়ে গুঞ্জন চলছিল।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মাহমুদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আতাউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ মোট ১৫ জন নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে সাবেক সভাপতি জাহিদুর রহমান খান দুলাল জানান, আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে যোগ দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির আশায় আমরা গণঅধিকার পরিষদে দায়িত্ব পালন করেছি। কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরির পর বুঝেছি, আমাদের সেই আশা ভুল ছিল। পরিচ্ছন্ন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহির উদ্দিন বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।’
ইখা