কুষ্টিয়া-২ আসনে মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির ঘটনা দেখতে পেয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সময়ের কণ্ঠস্বর কে জানান, সোমবার দিবাগত রাত ১১ থেকে ভোর ৫ ঘটিকার মধ্যে মিরপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত ১৯ নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে স্থাপিত ৪ টি সি সি ক্যামেরার মধ্যে ২ টি সি সি ক্যামেরা হারিয়ে গেছে।আমরা ধারণা করি কে বা কাহারা ক্যামেরা দুটি খুলে নিয়ে গেছে।
এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পেয়ে আমাকে জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। বিষয় নিয়ে কাজ করছে পুলিশ। উপজেলা জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।
উল্লেখ্য মিরপুর উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
এফএস