আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকালের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের এমন ভিড় দেখা যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই নৌপথে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যাপ্ত ফেরি থাকায় এবার এই রুটে যাত্রীদের খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না। বিকালের পর থেকে যাত্রীদের উপস্থিতি বাড়লেও যাতায়াত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল রাতে এবং আজ সকালে যাত্রীদের বেশ চাপ থাকলেও দুপুরের দিকে তা কিছুটা স্বাভাবিক ছিল। ফের সন্ধ্যা থেকে ভিড় বাড়লেও রাত ১০টা থেকে ১১টার দিকে চাপ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ি ফেরা কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে আসার পথে পর্যাপ্ত যানবাহন পাওয়া যাচ্ছিল না, তার ওপর গুনতে হয়েছে বাড়তি ভাড়া। এছাড়া মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুস সালাম বলেন, “ভোটের কারণে ঘরমুখো মানুষের ঢল নামার আশঙ্কা থাকায় আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছি। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এখন যাত্রীর চাপ কিছুটা বেশি থাকলেও আশা করছি রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
এদিকে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
এনআই