যশোরের বাঘারপাড়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হামলায় জামায়াত সমর্থিত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বরভাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৫৫), শরিফুল ইসলাম (৫০), মাহমুদ হোসেন (৪৬) এবং আশরাফ আলীর ছেলে বোরহান (২২)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজনরা দাবি করেন, বরভাগ গ্রামে জামায়াত সমর্থিত এক নারী কর্মীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রতিবাদ করায় বিএনপি সমর্থকদের সাথে জামায়াত কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে ধলগ্রাম ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ ইনজামুল, ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পী, মাসুদ, আরাফাত ও বদিয়ারসহ আরও কয়েকজন ওই চারজনের ওপর হামলা চালিয়ে তাদের জখম করেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আশরাফ আলীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
এদিকে স্থানীয় বিএনপির এক নেতা পাল্টা দাবি করেছেন, জামায়াতের লোকজন বিএনপি কর্মীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এই সংঘাতের সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এনআই