রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার ভোরে র্যাব-৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠারসদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার। উদ্ধারের পর এসব আলামত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করে রাখা হয়েছিল।
র্যাব-৫-এর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের এমন বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনআই