ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা ও পৌর জাতীয় পার্টিসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাম সারোয়ার তপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মফিদুল ইসলাম মহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জাতীয় পার্টির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ত্রিশালের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে ডা. মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বের বিকল্প নেই। সেই লক্ষ্যেই জাতীয় পার্টি ও এর সকল সহযোগী সংগঠন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আঃ বারেক, সাবেক সভাপতি মো. আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন কামাল, শরীফ উদ্দিন শরিফ ও সেলিম সারোয়ার সরকার; ত্রিশাল পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ফজলুল হক এবং সদস্য সচিব গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
সভার শেষ পর্যায়ে নেতৃবৃন্দ তৃণমূলের সকল নেতা-কর্মীকে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন। ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির এই সমর্থন ডা. লিটনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গোলাম সারোয়ার তপন জানান, ত্রিশাল আসন থেকে জাতীয় পার্টির মনোনীত কেন্দ্রীয় প্রার্থী স্থানীয় সংগঠনের সাথে কোনো যোগাযোগ রাখছেন না। তাই তারা নির্বাচন থেকে কার্যত সরে এসে উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এনআই