ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম (৩৪) ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী। তিনি জানান, ছাবিনা বেগম ভোট দিতে কেন্দ্রে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনসংক্রান্ত আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)’–এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর কেন্দ্র এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইখা