যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের রায়নগর বাজারে মোহাম্মদ বাবু (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত বাবু ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং চারাবাড়ি গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বাবু অভিযোগ করেন, সকালে তিনি মোটরসাইকেলে করে রায়নগর বাজারে যান। এ সময় রায়নগর গ্রামের মৃত আহসান আলীর ছেলে সাইফুল্লাহর নেতৃত্বে কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার ও রহমানসহ একদল কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং একপর্যায়ে সাইফুল্লাহ তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
হামলার কারণ সম্পর্কে বাবু জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের সক্রিয় কর্মী ছিলেন। রায়নগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ৬৭১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক ৫৬১ ভোট পায়। ওই কেন্দ্রে দাঁড়িপাল্লার পরাজয় হওয়ায় প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে তাঁর দাবি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আহতের অবস্থা গুরুতর। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনআই