ঢাকার আশুলিয়ায় ১০ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের ফোনে পুলিশ এসে অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ে আলমগীর হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটির নাম সামিয়া (১০)। তার বাড়ি পাবনা জেলার বাদাই গ্রামে। বাবার নাম রজব মণ্ডল ও মায়ের নাম লায়লা খাতুন। প্রায় ১১ মাস ধরে সে ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের চিকিৎসক জাহিদুল ইসলামের বাসায় কাজ করত সামিয়া। অভিযোগ রয়েছে, রবিবার রাতে বাসার শিশুকে খাওয়াতে গেলে শিশুটি খেতে না চাইলে সামিয়া তাকে ধমক দেয়। এ সময় বিষয়টি জানতে পেরে চিকিৎসক জাহিদুল ইসলাম সামিয়াকে মারধর করেন।
শিশুটি পরে বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে কান্নাকাটি করতে থাকে। স্থানীয় লোকজন কারণ জানতে চাইলে সে নির্যাতনের কথা জানায়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও তাকে একাধিকবার মারধর করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটির অভিভাবকেরা গ্রাম থেকে আসছেন। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইখা