নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ দাবি করেন, ইয়াসিন আরাফাতের দলের কোনো পদ-পদবি নেই। তিনি নির্বাচনের সময় তাদের সঙ্গে ছিলেন। বর্তমানে পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। আলিফের ভাষ্য, এ বিষয়ে প্রতিবাদ করায় এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে রাস্তা থেকে তুলে নিয়ে ইয়াসিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলে এলোপাতাড়ি মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইয়াসিন আরাফাত বলেন, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম ও রাসেলসহ একদল ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ইয়াসিন। এ ঘটনায় তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন।
পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইখা