রংপুরের তারাগঞ্জ উপজেলার বাজারের গরুহাটি সংলগ্ন একটি ডাস্টবিন দীর্ঘদিন উপচে পড়া ময়লায় ভরে ছিল। তীব্র দুর্গন্ধে ক্রেতা–বিক্রেতারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন। সংবাদ প্রকাশের পর অবশেষে পরিষ্কার করা হয়েছে ডাস্টবিনটি।
সম্প্রতি ‘সময়ের কণ্ঠস্বরে’ “ডাস্টবিন উপচে পড়া ময়লার দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা-বিক্রেতারা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে উদ্যোগ নিয়ে ডাস্টবিনটি পরিষ্কার করা হয়।
তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী নজীর হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে দুর্গন্ধে নাক-মুখ চেপে চলাফেরা করতে হতো। এখন ডাস্টবিন পরিষ্কার হওয়ায় স্বস্তি পেয়েছি।”
তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শংকু জানায়, প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার পথে ডাস্টবিনটির পাশ দিয়ে যেতে হতো। “খুব দুর্গন্ধ লাগত। এখন পরিষ্কার হওয়ায় সমস্যা নেই,” বলে সে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, বিষয়টি নজরে আসার পর হাটের ইজারাদারকে দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ডাস্টবিনটি পরিষ্কার করা হয়েছে।
স্থানীয়রা নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও তদারকির দাবি জানিয়েছেন।
ইখা