মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরেই বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সূত্রে জানা গেছে, সকালে সরকারি খালখনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন জিয়াউর রহমান। কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। বর্তমানে নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়ে কৃষি বিভাগ মর্মাহত।
ইখা