রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে মাদারীপুরে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ইটেরপুল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ সংশ্লিষ্টরা।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, শাকসবজি, মাছ ও মাংসের দোকান পরিদর্শন করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য।
এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “অনেক দেশে রমজানে ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রি করেন। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে কেউ অসাধু উপায়ে ব্যবসা করলে বা ক্রেতাদের জিম্মি করে বাড়তি দাম আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত তদারকি অভিযান অব্যাহত থাকবে।
ইখা