মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেরুয়ারি দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার মালির অংক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে ফলের দোকানে মূল্য তালিকা না রাখায় অহিদুল ফ্রুট স্টোরের মালিক মো. অহিদুল ঢালিকে ২ হাজার টাকা এবং শফিকুল ফল ভান্ডারের মালিক শফিকুল ঢালিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুদি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সুকুমার স্টোরের মালিক সুকুমার মল্লিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মালির অংক বাজারের বিভিন্ন মুদি ও ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয় রশিদ যাচাইয়ের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের আহ্বান জানান।
এসআর