ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। নায়িকার জন্য এবারের রমজানটা অনেকটা অন্যরকম। জীবনের প্রতিটা বাঁকে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাই আজ নেই। আর তাই সেহরি কিংবা ইফতারের সময়গুলো নানুভাইয়ের স্মৃতিতে বড্ড বেশি ভারাক্রান্ত হয়ে উঠছে এই চিত্রনায়িকার জন্য।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।
তিনি বলেন, ‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা সবকিছু উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে।’
নিজের ইফতার প্রসঙ্গে পরী বলেন, ‘আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারিতে ভাজাপোড়া খাওয়া হয় না, শরবত আর খেজুর দিয়েই সেরে ফেলি।’
তিনি জানান, ঈদকে কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস তার নেই। তবে নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পরীর ভাষ্যে, ‘আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার।’
নতুন কাজ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইলেন না এই নায়িকা। তিনি বলেন, ‘আপাতত যে কাজের জন্য আসছি, সেটাকেই ফোকাস করতে চাই। এখনই ঘটা করে সবকিছু বলে দেওয়ার তাড়া নেই। ইনশাআল্লাহ সামনে আপনাদের সব জানাবো।’
এইচএ