বঙ্গোপসাগরে বিশাল পরিসরে অনুষ্ঠিত ভারতীয় নৌবাহিনীর মহড়া ‘মিলান ২০২৬’ শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নেয় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক বিমান। সপ্তাহব্যাপী এ মহড়ার মাধ্যমে নৌ-সহযোগিতা ও সমন্বয় জোরদারের বার্তা দেয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক মহড়া ‘মিলান’ বুধবার শেষ হয়। মহড়ায় নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এতে সহযোগিতার চিত্রও উঠে আসে। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের জাহাজ এতে অংশ নেয়।
বিশাখাপত্তনম উপকূলে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মহড়ার সমাপনী অনুষ্ঠান হয়। ‘বন্ধুত্ব, সহযোগিতা ও সমন্বয়’- এই প্রতিপাদ্যে আয়োজিত মিলান ২০২৬-এ নজিরবিহীন পরিসরে অংশগ্রহণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের ভাষ্য, বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি বিমানও এতে অংশ নেয়। মহড়ার শুরুতে ছিল ‘হারবার ফেজ’। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞদের আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর ‘সি ফেজ’-এ উচ্চমাত্রার অপারেশনাল মহড়া চালানো হয়। এতে সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সমুদ্রপথে বিভিন্ন অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক উড্ডয়নসহ উন্নত যুদ্ধকৌশলের অনুশীলন করা হয়। সরাসরি গোলাবর্ষণ মহড়ায় কামান ও বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়। এই সময়ে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথভাবে পরিকল্পনা করে এবং সফলভাবে যৌথ মিশন সম্পন্ন করে।
মিলান ২০২৬-এ ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত, বিশাখাপত্তনম শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি প্রকল্পের ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেয় বলে জানানো হয়েছে।
এবি