ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের সরাসরি নেতৃত্বে এক বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মোছা. নাছিমা আক্তার কণা (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সোয়া ৮টার দিকে গৌরীপুর রেল স্টেশন রোডের সুজিত স্টোরের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছিমা আক্তার ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকার জুলহাস মিয়ার স্ত্রী।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ওসি কামরুল হাসানের নেতৃত্বে এসআই (নি.) মো. মহসিন হাসানসহ পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকায় অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছিমা আক্তার রিকশা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি জিপার প্যাকেটে ভরা মোট ৬ হাজার পিস ইয়াবা (ওজন ৬০০ গ্রাম) উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নাছিমা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। রিকশা থেকে লাফ দেওয়ায় তিনি সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এসআর