ক্ষমতায় আসতে না পেরে একটি দল পাগলামি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। তিনি বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেভাবে বেহায়াপনা করা হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তা জনগণ মেনে নেবে না।
শুক্রবার (৬মার্চ) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা নষ্ট করার জন্য একটি দল ও তাদের ছাত্রসংগঠন নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তারা একটি দলের বিরুদ্ধে এবং দলের প্রধানের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, তা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা এসব বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলকে এবং প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যেভাবে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। কেউ যদি রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি সবাইকে সংযত থাকার এবং প্রধানমন্ত্রীর বিষয়ে বক্তব্য দেওয়ার সময় ভাষা ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান।
ইফতারের আগে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।
ইখা