মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে জরায়ু-সংক্রান্ত অস্ত্রোপচারের সময় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। এ সময় ক্লিনিকের মালিক ও তার ছেলেকে মারধরের অভিযোগও রয়েছে।
নিহত নাসিমা খাতুন (৫৫) গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মজিদুর রহমানের স্ত্রী।
নাসিমার ছেলে নাজমুল হোসেন জানান, তার মায়ের জরায়ুতে সমস্যা থাকায় অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। “অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলা ও অসতর্কতার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে,” দাবি করেন তিনি।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। এ সময় ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভিকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইখা