পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বুধবার (৪ মার্চ) সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টার বৈঠক করেন। এ সময় ২ দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ নানা ইস্যুতে কথা বলেন তারা।
বৈঠক শেষে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় শুধু বললেন, “বৈঠক ভালো হয়েছে।” অন্য কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি।
বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার।
দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। আজ দিনভর ব্যস্ত থাকবেন তিনি, রয়েছে নানা কর্মসূচি।
এইচএ