পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নোয়াখালীতে প্রথমবারের মতো শুরু হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় দিনব্যাপী এই অডিশন অনুষ্ঠিত হয়। এর আগে রোববার প্রতিযোগিতার প্রথম অডিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (হাতপাখা প্রতীক) মাওলানা আবু নাছের, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার আমির মাওলানা মোশারফ হোসেন, মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম ও আবু নাছেরসহ অন্যরা।
ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রথম অডিশনে অংশ নেওয়া তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে দ্বিতীয় অডিশনের জন্য ৬০ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত প্রতিযোগীরা ‘ইয়েস কার্ড’ গ্রহণ করেন।
দ্বিতীয় অডিশনে অংশ নেওয়া ৬০ প্রতিযোগীর মধ্য থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল পর্বে প্রতিযোগিতার জন্য সেরা ২০ জন হাফেজে কোরআনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতার ফাইনালে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ও সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে নগদ পুরস্কার ও সম্মাননা পাবেন। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া বাকি ১৭ জন প্রতিযোগীকেও বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
ইখা