দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছে বাংলা রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নাম। বন্ধুর এ পুরস্কার প্রাপ্তিতে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংগীত দুনিয়ার আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে বন্ধু আইয়ুব বাচ্চুর সাথে তোলা নিজের দুটি পুরনো ছবি প্রকাশ করেন কুমার বিশ্বজিৎ।
একটি ছবিতে একেবারে তরুণ সময়ের সংগীতের দুই মহারথীকে দেখা যাচ্ছে। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মধ্য বয়সে একজন অন্যজনকে জড়িয়ে ধরে মাইক্রোফোনে গান গাইছেন তারা।
একুশে পদক নমিনেশন পাওয়া প্রসঙ্গে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ক্যাপশনে কুমার বিশ্বজিৎ লেখেন, বন্ধু তোর এই প্রাপ্তিতে আমি গর্বিত। বেঁচে থাকলে আমরা হয়তো একসাথে উদ্যাপন করতাম। তোর জন্যে অনেক অনেক দোয়া। যেখানেই আছিস ভালো থাক এই প্রত্যাশা।
প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে কুমার বিশ্বজিৎ সংগীতের দুনিয়ায় অনিয়মিত কাজ করতে শুরু করেন। ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
এইচএ