ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ না থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গত ১৭ বছরে ভোলার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ছিল না বলেই ক্ষমতাসীনরা তাদের ওপর নানা ধরনের অন্যায়-অবিচার করতে পেরেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পার্থ বলেন, ‘আমি নির্বাচিত হলেও যদি কোনো অন্যায় করি, তাহলে আপনারা প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করবেন। প্রতিবাদ না করলে আজ এক মার্কেট, কাল আরেক মার্কেটের ব্যবসায়ীদের ওপর অন্যায় চলতেই থাকবে। ব্যবসায়ীদের মধ্যে ঐক্যের অভাবেই অতীতেও নানা অনিয়ম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়ন সরকার এলেই হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। একজন ব্যবসায়ী মাসে এক লাখ টাকা আয় করলেও যদি তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে সেই ব্যবসার লাভ কোথায়? নেতার নাম ভাঙিয়ে কেউ যদি টাকা আদায় করে, সেটি বন্ধ হওয়া দরকার।’
অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ‘দৌলতখান, লালমোহন কিংবা চরফ্যাশন—যেখানেই অন্যায় হবে, সেখানেই সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে।’
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি থাকবে না। কারণ আমার পরিবারের কেউ এখানে ব্যবসা করে না, কেউ টেন্ডারবাজির সঙ্গে জড়িত নয়। তাই আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। ভোলায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’
সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইখা