বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে-পাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য সেট করেন। এরপর নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইভার্স ইজাবস। তিনি বলেন, ‘এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।’ তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন তিনি।
এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই এক্সাইটেড লাগছে। দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক। যেই আসুক যেন দেশের ভালো চায়।’ তিনি আরও জানান, এর আগে তিনি গণভোটেও অংশ নিয়েছেন।
সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এবি