পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ ও বোদা উপজেলার মোট ৮৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফলাফলে দুই উপজেলায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলমকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।
দেবীগঞ্জ উপজেলার ৪৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ৬০ হাজার ৮৬৫ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পেয়েছেন ৪২ হাজার ৬৬৮ ভোট। এ উপজেলায় দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৭।
অন্যদিকে বোদা উপজেলার ৪৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক ৫৮ হাজার ১১ ভোট পেয়েছে। সেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৬ হাজার ৩৯৭ ভোট। এই উপজেলায় ব্যবধান ২১ হাজার ৬১৪ ভোট। দুই উপজেলা মিলিয়ে ঘোষিত কেন্দ্রগুলোতে ফরহাদ হোসেন আজাদ প্রায় ৩৯ হাজার ৮১১ ভোটে এগিয়ে আছেন।
পঞ্চগড়-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা।
এবি