ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে অপর একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শওকত বেপারী (২৩)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।
আহত ব্যক্তির নাম মো. ইমরান মন্ডল (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গাল মোড়দহ এলাকার বাসিন্দা আবদুল আজিজের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাওয়ামুখী লেনে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার শওকত বেপারী ট্রাকের ভেতরে আটকা পড়েন। একই ঘটনায় সামনের ট্রাকের হেলপার ইমরান মন্ডল গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর একজন ট্রাকের ভেতরে আটকা পড়েছিলেন। হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত ইমরান মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসআর