নবীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার চলমান সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “নবীনগরে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে এবং যানজট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। জনদুর্ভোগ কমাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, নবীনগরের উন্নয়নকে টেকসই করতে সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এর আগে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মূল সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নদীভাঙন রোধ, অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ এবং যানজটসহ নানা জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। নবীনগরের অগ্রযাত্রায় এ ধরনের মতবিনিময় সভাকে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
পরিশেষে, সংসদ সদস্য নবীনগরের উন্নয়ন ও জনস্বার্থে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এনআই