শ্রীনগর উপজেলার একটি ইউনিয়নে অবস্থিত আওয়ামী লীগ-এর একটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নে গিয়ে তারা ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বীরতারা ইউনিয়নের ওই কার্যালয়ে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে দুপুরে সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে গিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং কার্যালয়টির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান।
এ বিষয়ে এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসররা আবারও গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি, বীরতারা ইউনিয়নের এই কার্যালয়টি ব্যবহার করে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল, যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে পাওয়া গেছে। জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো অপতৎপরতা রুখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ঘটনার পর বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে এলাকায় পাওয়া যায়নি এবং ফোনেও তাদের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভাইরাল হওয়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অফিসকক্ষের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হচ্ছে। সেখানে কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে এক ব্যক্তিকে দলীয় স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে স্লোগানদানকারী ব্যক্তির নাম সাব্বির, তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ভিডিওটি ইউনিয়নের একটি শাটার লাগানো দোকানের ভেতরে ধারণ করা হলেও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ছবি টাঙানোর পরপরই সাব্বির কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে দলীয় স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পিএম