চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মওলানা আলী আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম খালেদা বেগম (৫২)। তিনি একই এলাকার মৃত নূর মোহাম্মদের স্ত্রী। খালেদা বেগম তিন মেয়ে ও এক ছেলের জননী। তার দুই মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়েটি অবিবাহিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার খালেদা বেগম তার ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যান। রবিবার ভোরে সেহরি খাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। পরে সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালান ঘরের সিঁড়ির চালের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর শুনে তার প্রবাসী থাকা ছেলেও দেশের পথেও রওনা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাসুরপুত্র মো. খালেক বলেন, ‘লোকমুখে শুনেছি কয়েকজন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে নেওয়া তার কিছু ঋণ ছিল। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
ইখা