ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বোকাইনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি মুক্তার হোসেন।
রবিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে রামগোপালপুর সংলগ্ন ‘গাঙচিল রেস্টুরেন্টে’র সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। রামগোপালপুর গাঙচিল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে তাঁর মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মুক্তার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দীন করিম জানান, "দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এনআই