কিশোরগঞ্জের বাজিতপুরে টিসিবির নিম্নমানের পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে ৮ টন নিম্নমানের চাল জব্দ করে গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার সরারচর ইউনিয়নের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গত দুই দিন ধরে সরারচর ইউনিয়ন পরিষদের গুদামে টিসিবির মাধ্যমে নিম্নমানের চাল বিক্রি করছিল টিসিবি ডিলার মেসার্স সিয়াম ট্রেডার্স। ভোক্তারা চালের মান নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ, চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তারা নিতে অস্বীকৃতি জানান। এরপরও ডিলারের পক্ষ থেকে সেগুলো বিতরণ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে ৮ টন নিম্নমানের চাল পাওয়া যায়। এ অপরাধে গুদামটি সিলগালা করা হয়।
ভুক্তভোগীরা জানান, এই চালে এতো দুর্গন্ধ, তার ওপর চালের ওপর দিয়ে অসংখ্য পোকা হেঁটে বেড়াচ্ছে। চালে দুর্গন্ধ এত বেশি যে তা খাওয়ার উপযোগী নয়। এসব চাল খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। আমরা জড়িতদের বিচার চাই।
এ বিষয়ে মেসার্স সিয়াম ট্রেডার্সের স্বত্বাধিকারী মালেক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন, মেসার্স সিয়াম ট্রেডার্সের গোডাউন ঘর ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। আর কোনো ব্যবসায়ী এই অপকর্মের সঙ্গে যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ইখা