চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত এবং খাবারে অননুমোদিত রাসায়নিক উপাদান ব্যবহারের দায়ে ‘শপিং ব্যাগ’ সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাজীর দেউড়ি এলাকার সুপরিচিত এই সুপারশপের ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল। রান্নাঘরের মেঝে ছিল অপরিচ্ছন্ন এবং খাদ্য সংরক্ষণে কোনো স্বীকৃত স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ছিল না। এমনকি কর্মীরা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খাদ্য প্রস্তুতের কাজে নিয়োজিত ছিলেন।
অভিযানের সময় খাবারে সুগন্ধি হিসেবে কেওড়াজলসহ বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব উপাদান অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হলে ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হতে পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, “প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নিম্নমানের পরিবেশে ইফতার তৈরি এবং খাবারে রাসায়নিক উপাদান ব্যবহারের বিষয়টি আমাদের নজরে এসেছে। জনস্বাস্থ্য বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নগরের সুপরিচিত প্রতিষ্ঠান হলেও ‘শপিং ব্যাগ’-এর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে কর্মী পরিবহনের দায়েও প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল। এছাড়া অবকাঠামোগত ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন সচেতন ভোক্তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন বাজার, সুপারশপ ও রেস্তোরাঁয় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য রোধে এই ধরনের ঝটিকা অভিযান আরও জোরদার করা হবে।
এনআই